কফিতে চুমুকরত রিটার্নিং কর্মকর্তা বললেন, অভিযোগ শোনার সময় নেই

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৬ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষ থেকে অভিযোগ নির্বাচন কমিশনে (ইসি) গেলেও সে সম্পর্কে কিছু শুনতে চাননি রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন কেন্দ্রের ৩২টি অভিযোগ দিয়েছেন তার পক্ষ থেকে মো. জুলহাস উদ্দিন নামের একজন প্রতিনিধি। কিন্তু তাকে কোনো কথা বলার সুযোগ দেননি রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। কফিতে চুমুক দিতে দিতে তিনি বলেন, “লিখিত অভিযোগ দিয়ে যান। এখন কথা শোনার সুযোগ নেই।”

শনিবার দুপুরে সোয়া ১টায় অভিযোগ নিয়ে যান জুলহাস। এ সময় তিনি রিটার্নিং কর্মকর্তাকে বলেন, “বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, মারধরসহ বেশ কিছু অভিযোগ নিয়ে এসেছি। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।”

জবাবে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, “অভিযোগ দিয়েছেন রেখে দিলাম। এখন কথা শোনার সময় নেই। অভিযোগ কি আগেই লিখে রেখেছিলেন নাকি!”

জবাবে জুলহাস বলেন, “আগে কেন লিখে রাখব? আমাদের এজেন্টদের বের করে দেওয়া, মারধর করছে নৌকা প্রার্থীর কর্মীরা। অনেকের মাথা ফাটিয়েছে তারা হাসপাতালে আছে। আজ ভোট, আপনি এখন ব্যবস্থা না নিলে এমনটা হতে থাকবে।”

এ সময় কফি পানরত আবুল কাশেম বলেন, “অভিযোগ দিয়েছেন দেখব। আগেও তো দেখেছি।”

পরে জুলহাস সাংবাদিকদের অভিযোগ করে বলেন, “তিনি আমার কথাই শুনলেন না। এখন আর দুই-তিন ঘণ্টা সময় আছে, এখনই তিনি ব্যবস্থা না নিলে কখন নেবেন। তিনি ফোন করে খোঁজ খবর নিতে পারেন, প্রমাণ পেলেই ব্যবস্থা নেবেন। তিনি তো অভিযোগ রেখেই দিলেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত