গাজীপুর নগরীর মালেকেরবাড়ী শরিফপুর এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. হামিদুল মিয়া (২৬) টাঙ্গাইল জেলার কালিহাতী থানার চরজাবরজান এলাকার আব্দুর রহমানের ছেলে।
মেট্রোপলিটনের গাছা থানার এএসআই ফয়সাল জানান, নিহত হামিদুল পরিবারসহ শরিফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন। গতকাল সকালে তার স্ত্রী গার্মেন্টসে এবং ১২ বছরের মেয়ে স্কুলে চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের মেয়ে স্কুল থেকে বাসায় ফিরে বাবার ঝুলন্ত মৃতদেহ দেখে ডাকাডাকি শুরু করে। পরে বাড়ির লোকজন এসে হামিদুলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে নিহতের ছোট ভাই রিপন মিয়া বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
