সুনামগঞ্জে গুচ্ছগ্রাম নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩১ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগরে হাওর এলাকায় গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ‘গুচ্ছগ্রাম’ নির্মাণকাজ বাস্তবায়নে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েক গ্রামের মানুষ।

রবিবার দুপুরে উপজেলার রফিনগর উচ্চবিদ্যালয় মাঠে রফিনগর ইউনিয়নের খাগাউরা, সজনপুর, উত্তর রফিনগর, বাসাকরচ, নয়া মাছিমপুর, আনোয়ারপুরসহ কয়েক গ্রামের হাজারো মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন রফিনগর ইউপির চেয়ারম্যান রেজোয়ান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহেদ মিয়া, আওয়ামী লীগ নেতা আলী আকবর, স্থানীয় বাসিন্দা নিখিল চন্দ্র দাশ, ছদরুন নুর, নুর মহল বিবি, হাদিয়া বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের এ উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে স্থানীয় কিছু অসাধু লোকজন কাজ শুরু করতে বাধা দিচ্ছে। তারা দ্রুত এসব দরিদ্র মানুষের ঘর নির্মাণের কাজ শুরু করে আশ্রয়ণ প্রকল্পটি বাস্তবায়ন করার দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফি উল্লাহ জানান, স্থানীয় একটি পক্ষ বাধা দেওয়ায় কাজ বন্ধ রয়েছে। আরেকটি পক্ষ কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছে। এ বিষয় নিয়ে আমরা স্থানীয় সাংসদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রীর প্রকল্পের কাজ বাস্তবায়নে বাধা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত