সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালে জামিয়ার বাইরে গুলি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৮ এএম

আবারও গুলি চলল দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে রবিবার রাতেও বিক্ষোভ চলছিল সেখানে।

আনন্দবাজার পত্রিকা জানায়, বিক্ষোভ চলাকালে স্কুটিতে চেপে দুই ব্যক্তি সেখানে হাজির হয় এবং শূন্যে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

সিএএ বিরোধী বিক্ষোভে দু’মাস ধরে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। তবে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানোর সূত্রপাত গত সপ্তাহে। গত চার দিনে এই নিয়ে তৃতীয়বার গুলি চলল সেখানে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত জামিয়া সমন্বয় কমিটির নেতৃত্বে রবিবার রাতেও এক দফা বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে ৫ নম্বর গেটের কাছে সেই বিক্ষোভে শিক্ষার্থীরা ছাড়াও অনেক মানুষ অংশ নেন। 

রাত সাড়ে ১১টা নাগাদ লাল রঙের একটি স্কুটিতে চেপে সেখানে হাজির হয় দুই ব্যক্তি। স্কুটিতে বসেই বেশ কয়েকবার শূন্যে গুলি চালায় তারা। গুলির শব্দে হুড়োহুড়ি শুরু হয়ে চারদিকে। সেই সুযোগে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতকারীরা। ঘটনার সময়কার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। তাতে হামলাকারীকে দেখা না গেলেও, প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে।

জামিয়া সমন্বয় কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, হামলাকারীদের মধ্যে একজনের পরনে ছিল লাল রঙের জ্যাকেট। তবে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি বলে দাবি জামিয়া নগর পুলিশের। এমনকি হামলাকারীরা স্কুটিতে চেপে এসেছিল নাকি গাড়িতে, তা নিয়েও দ্বিমত রয়েছে বলে জানিয়েছে তারা।

অ্যাডিশনাল ডিসিপি কুমার জ্ঞানেশ বলেন, ‘‘খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে গুলির খোল বা সেই জাতীয় কিছু মেলেনি। কেউ বলছেন দুষ্কৃতকারীরা স্কুটিতে চেপে এসেছিল, তো কেউ আবার বলছেন গাড়িতে চেপে এসেছিল।’’

তবে বিক্ষোভের মুখে পড়ে শিক্ষার্থীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে ৩০৭ ধারায় (হত্যা চেষ্টা) এবং অস্ত্র আইনের ২৭ ধারায় এফআইআর দায়ের হয়েছে।

গত সপ্তাহেই ভরদুপুরে জামিয়ার বাইরে সিএএ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিয়ে চালায় ১৭ বছরের এক কিশোর। তাতে শাদাব ফারুখ নামের এক কাশ্মীরি পড়ুয়া আহত হন। সেই রেশ কাটার আগেই শনিবার পুলিশ ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে শাহিন বাগে গুলি চালায় আরেক যুবক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত