নাগরিকত্ব আইনের কারণে মুসলমানদের ক্ষতি হবে না: রজনীকান্ত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩০ পিএম

সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ’র সমর্থনে মুখ খুললেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত। তার অভিযোগ, এই প্রসঙ্গে জনসাধারণকে ভুল বোঝানো হচ্ছে। এতে ভারতীয় মুসলিমদের আদৌ কোনো ক্ষতি হবে না।

থালাইভা নামে পরিচিত এই তারকার কথায়, বহিরাগতদের চিহ্নিত করতে এনপিআর জরুরি। তবে এমন মন্তব্যে রাজনীতির গন্ধ পাচ্ছে অনেকে।

ডিসেম্বর মাসে ভারতের সংসদে সিএএ বিল পেশ হয়। তারপর থেকেই এই বিতর্কিত বিলের বিরুদ্ধে উত্তাল গোটা দেশ। অভিযোগ, এই আইন কার্যকর হলে মুসলিমদের দেশছাড়া হবে। পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর বিলটি কার্যকর হয়েছে। কিন্তু আন্দোলন থামার লক্ষ্মণ নেই।

আইন বাতিলের দাবিতে সরব বিশিষ্টজন থেকে শিক্ষার্থীরা। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন তারা। যদিও তাতে কান দিতে নারাজ কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। তাদের পালটা দাবি, ভোটে ফায়দা তুলতে জনতাকে ভুল বোঝাচ্ছে বিরোধী দলগুলো। এবার কেন্দ্র সরকারের সুরেই তাল মেলালেন রজনীকান্ত।

বুধবার সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “সিএএ নিয়ে দেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই আইনে দেশের মুসলিমদের কোনো ক্ষতি হবে না। দেশভাগের সময় তারা ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের সিদ্ধান্তকে প্রতিটি ভারতীয় সম্মান করেন। তাই সিএএ’র জন্য দেশের একটি মুসলিমের কোনো ক্ষতি হলে, আমি সবার আগে রুখে দাঁড়াব।”

একই সঙ্গে তিনি এনপিআর-এর পক্ষেও সরব। বলেন, “২০১০ সালে কংগ্রেস এটা করেছিল। ২০১৫ সালেও এনপিআর হয়েছিল। দেশের বহিরাগতদের চিহ্নিত করতে এটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। আমি বুঝতে পারছি না, এটা নিয়ে কি সমস্যা হয়েছে!” 

শিক্ষার্থীদের আইনটি সম্পর্কে ভালোভাবে জানতে বললেন রজনীকান্ত। নইলে তারা রাজনীতির গুটি হিসেবে ব্যবহৃত হতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত