নারায়ণগঞ্জে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার তাদের প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পেªরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার মৃত ফজলে করিম ফরাজির ছেলে জাহাঙ্গীর আলম (৪০), একই জেলার বাকেরগঞ্জ থানার মৃত আনোয়ার হোসেনের মেয়ে তানিয়া (২৬), একই এলাকার শাজাহান মোল্লার মেয়ে শারমিন (২৩) ও মেহেন্দীগঞ্জ থানার শামসুর আলীর ছেলে (মনির)। এরা সবাই ফতুল্লার রামারবাগ এলাকার জাকির মিয়ার ভাড়াটি।
মামলার বাদী ফতুল্লা থানার সরকার বাড়ি এলাকার কালীর বাড়ির ভাড়াটিয়া সিদ্দিক মিয়ার পুত্র ট্রাকচালক কামরুল শেখ দেশ রূপান্তরকে জানান, প্রায় ১৫ দিন পূর্বে তানিয়ার সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয়। সেই সুবাদে তানিয়া তাদের রামারবাগস্থ ভাড়াটিয়া বাড়িতে তাকে আসতে বলেন। এদিন বিকেল ৩টার দিকে তিনি তানিয়াদের ফ্ল্যাটে গেলে তাকে একটি রুমে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করে মারধর শুরু করে। এক পর্যায়ে কামরুল তার হেলপারের মাধ্যমে বিকাশে ২০ হাজার টাকা পরিশোধ করে। এতেও তাকে ছাড়া হয়নি। আরও টাকা না পেলে তাকে ছাড়বে না জানিয়ে ফ্ল্যাটে আটকে রেখে তারা বাইরে গেলে সেখান থেকে কৌশলে সে পালিয়ে আসে। পরে এ ঘটনায় তিনি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, অভিযোগ পেয়ে আমরা চার প্রতারককে গ্রেপ্তার করেছি। এই চারজনই সংঘবব্ধ একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
