অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল শনিবার রাতে তিনি কড়াইল বস্তি এলাকায় যান এবং সেখানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বস্তিবাসীদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। কেন বারবার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখার আহ্বান জানান মেয়র আতিক।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি তাবিথের : রাজধানীর বনানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন উত্তর সিটিতে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘একের পর এক বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।’ গতকাল শনিবার বেলা ১১টার দিকে বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে সংশ্লিষ্টদের প্রতি এ দাবি জানান তিনি।
এ সময় তাবিথের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নুল আবদিন ফারুক, বিএনপি সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।’
