জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলেছেন, অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয় ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় অর্জন’। তার মতে, যুব দলটা প্রচণ্ড ‘ক্ষুধার্ত ছিল’। দীর্ঘদিন একসঙ্গে পথ চলায় তাদের মধ্যে গড়ে ওঠা বন্ধন দেশকে প্রথমবারের মতো কোনো ক্ষেত্রে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছে। ছোটদের কাছ থেকেও বড়রা শিখতে পারে। মুমিনুল খুব জোর দিয়ে বললেন, ‘জুনিয়র, সিনিয়র দল নয়...সব জায়গা থেকে শিখতে পারেন। তারা আমাদের শিখিয়েছে কীভাবে সাফল্য পেতে হয়।’
এ এক বিরাট অর্জন বাংলাদেশের। আকবর আলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রবিবার ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্ব জয় করে। প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা উৎসব করেছে অনূর্ধ্ব-১৯ দল। সেখানে পাকিস্তানে রবিবারের সকালটা ভালো থাকলেও দিনের শেষে ইনিংস পরাজয়ের মুখে পড়ে তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের দলের ব্যর্থতা নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত মুমিনুলের মুখে আলো ফোটে যুবাদের প্রসঙ্গ এলে। ‘আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় অর্জন। এই অর্জনের চেয়ে বড় কিছু এখন হতে পারে না। আমাদের সবার ওদেরকে অভিনন্দন জানানো উচিত।’ মুমিনুলের বিশ্বাস, ওই দল থেকে জাতীয় দল দীর্ঘদিন সার্ভিস পাওয়ার মতো ক্রিকেটার পাবে শিগগিরই ‘আর আমার মতে এই বিশ্বকাপ দল থেকে বাংলাদেশ হয়তো সামনে ৬/৭ জন খেলোয়াড় পাবে যারা ভবিষ্যতে দেশকে সমর্থন দিতে পারবে।’
মুমিনুল নিজেও উঠে এসেছেন বয়সভিত্তিক দল থেকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছেন। কিন্তু সাফল্য পায়নি তাদের সময়ের দল। তবে তিনি বোঝেন এই সাফল্যের পেছনের গল্পটা। ‘আমার মনে হয় অনূর্ধ্ব-১৯ দল খুব ক্ষুধার্ত ছিল। তাদের আরও বড় একটা দিক হলো দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে খেলেছে। যে কারণে ওদের একজনের সঙ্গে আরেকজনের টান, একজনের সঙ্গে আরেকজনের বোঝাপড়া, বিশ্বাস তৈরি হয়েছিল।’
