আইআইইউসির ৪ শিক্ষকের নামে রাষ্ট্রদ্রোহ মামলা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৮ এএম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) চার শিক্ষক ও দুই জামায়াত নেতাসহ অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পিপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন- আইআইইউসির শিক্ষক মাহবুবুর রহমান, প্রক্টর কাউছার আহমেদ, মোহাম্মদ শফিউল আলম ও নিজাম উদ্দিন।

এছাড়াও মামলায় চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শামসুল ইসলাম ও জামায়াত নেতা আহসান উল্লাহকে আসামি করা হয়েছে।

শিক্ষকদের মধ্যে মাহবুব রহমান ও কাওসার আহমেদকে জামায়াতের রোকন এবং বাকি দুজনকে জামায়াতের রাজনীতিতে জড়িত এবং গত ২৯ জানুয়ারি জামায়াতপন্থী এই চার শিক্ষকের মদদে শিবির ক্যাডাররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে বলে উল্লেখ করা হয়। এ সময় বাদীকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়াও হয়। 

সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) শামীম শেখ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। এজাহারে অন্যান্য ধারার সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি শিবির সন্দেহে আদনান নামের একটি ছেলেকে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মারধর করার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ২৯ জানুয়ারি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওই দিনই বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

এরপর গত ১০ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন ডেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ছাত্রলীগ এই সব কিছুকে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে জামায়াতপন্থী শিক্ষকদের পূর্বপরিকল্পনার অংশ বলে অভিযোগ করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত