জাপান উপকূলে প্রমোদতরীতে করোনা আক্রান্ত বেড়ে ১৭৪

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৮ এএম

জাপান উপকূলে ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে আরও ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ওই প্রমোদতরীতে আক্রান্ত যাত্রীর সংখ্যা ১৭৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার জাপানি কর্তৃপক্ষ এই হালনাগাদ তথ্য জানিয়েছে। কয়েক হাজার যাত্রীকে দ্বিতীয় সপ্তাহের মতো কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে এএফপি।

মূলত এই জাহাজটিতে ৩ হাজার ৭০০ জনের বেশি যাত্রী ও নাবিক ছিলেন। চীনের বাইরে এই প্রমোদতরীতেই সবচেয়ে বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হলো।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো সাংবাদিকদের বলেন, ‘নতুন করে ৫৩ জনকে পরীক্ষা করে ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এতে আক্রান্ত যাত্রীর সংখ্যা ১৭৪ জনে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হয় কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে অথবা আইসিইউতে রাখা হয়েছে।

গত সপ্তাহের শুরুতে জাপানি উপকূলে পৌঁছানোর পর ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীকে কোয়ারেন্টাইনে রাখা হয়। জাহাজ থেকে নেমে যাওয়া এক ব্যক্তির শরীরে গত মাসে হংকংয়ে করোনাভাইরাস পাওয়া যায়।

এদিকে কোভিড-১৯ নাম পাওয়া করোনাভাইরাসে মঙ্গলবার মধ্যরাত নাগাদ চীনে মৃত বেড়ে ১,১১৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬০০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত