করোনাভাইরাস: সংক্রমণ থেকে বাঁচতে পোষা প্রাণীর মুখেও মাস্ক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১০ পিএম

ভয়াবহ করোনাভাইরাসে বিপর্যস্ত চীন। এই মহামারিতে গোটা দেশে মারা গেছে সহস্রাধিক মানুষ। আক্রান্ত হাজার হাজার। মানুষের পাশাপাশি এই ভাইরাসে ঝুঁকির মুখে পোষা প্রাণীরাও।

ডেইলি মেইল জানায়, শুধু নিজেদের সুরক্ষার ব্যবস্থাই করছে না মানুষ, তাদের পোষা প্রাণীদেরও ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করছে।

সংক্রমণ থেকে বাঁচতে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। এমনকি রাস্তায় কাউকে মাস্ক পরা ছাড়া দেখলেই হুঁশিয়ারি দিচ্ছে রোবট।

এমন পরিস্থিতিতে পোষা প্রাণীদেরও মুখে মাস্ক লাগিয়ে দিচ্ছে মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ভাইরাল হয়েছে।

মাস্কের অভাবে কুকুর, বিড়ালের মুখে প্লাস্টিক বোতল, ব্যাগ, পেপার কাপ এমনকি কাপড় বেঁধে দিতে দেখা গেছে।

কোভিড-১৯ নাম পাওয়া করোনাভাইরাসে চীনে মৃত বেড়ে ১,১১৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬০০ জন।

মঙ্গলবার নতুন করে ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

এ নিয়ে কোভিড-১৯ ভাইরাসে দ্বিতীয়বারের মতো মৃতের সংখ্যা কমেছে। মঙ্গলবার দেওয়া পরিসংখ্যানে মৃতের সংখ্যা ছিল ১০৮ জন।

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন এই ভাইরাসটিতে আক্রান্ত রোগের নামকরণ করেছে কোভিড-১৯। করোনার কো, ভাইরাসের ভি, ডিজিজের ডি ও উৎপত্তিকাল ২০১৯-এর ১৯ মিলে হয়েছে নতুন এই রোগের নাম।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দুজন ছাড়া সবাই চীনের মূল ভূখণ্ডেই মারা যান। বাকি দুজন মারা যান হংকং এবং ফিলিপাইনে। শনিবার নাগাদ ২৫টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত