সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদকে সাড়ে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
বুধবার দুইটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করে লাহোরের সন্ত্রাস দমন আদালতের বিচারপতি আরশাদ হুসেন ভাট্টা। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জনের নিহতের ঘটনা ঘটে। এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে লস্কর-ই-তৈয়্যবা নেতা হাফিজ সাঈদের বিরুদ্ধে অভিযোগ আনে ভারত সরকার।
হাফিজ সাঈদকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবেও আখ্যা দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর মধ্যে একবার সাঈদকে গৃহবন্দী করে রেখেছিল পাকিস্তান প্রশাসন।
গত বছর সন্ত্রাসবাদে অর্থ জোগান দেয়ার অভিযোগে দুই মামলার চার্জশিট দেয় পাকিস্তান পুলিশ। ৩০ নভেম্বর জঙ্গি দমন আদালতে মামলা দুইটির শুনানি শুরু হয় । ডিসেম্বরের ১৬ তারিখ থেকে প্রতিদিন শুনানি চলে। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি মামলার শেষ শুনানি হয়।
নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সদস্য এবং বেআইনি সম্পত্তির মালিক হওয়ার দায়ে হাফিজ সাঈদকে দু’দফায় দোষী সাব্যস্ত করে। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ায় তাকে ছ’মাসের কারাদণ্ড দেয়া হয়। বেআইনি সম্পত্তির মালিকানার জন্য সাজা দেয়া হয় পাঁচ বছর।
