৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়েছে। এ বছরের মার্চে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পিএসসির একটি সূত্র জানিয়েছে, এ পরীক্ষা মার্চে নেয়া সম্ভব হচ্ছে না।
পরীক্ষা এপ্রিল মাসে হতে পারে বলেও জানিয়েছে ওই সূত্র।
এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, আগে ৩৮তম বিসিএসের ফল প্রকাশের চেষ্টা করব। এরপর ৪১তম বিসিএসের পরীক্ষা নেওয়া হতে পারে।
পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে এখন পিএসসি ওই পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষায় আছে। এই ফল মার্চের মধ্যে হতে পারে। এরপরই মূলত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে কমিশন।
৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় গত বছরের ২৯ জুলাই থেকে। ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। পাস করা ওই প্রার্থীরা মৌখিক পরীক্ষা দেন।
এদিকে গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো।
