গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট অধিবেশনে যোগ দিতে বোর্ড বাজারে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় একটি প্রাইভেটকারকে রক্ষা করতে গেলে তাকে বহনকারী জিপটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি আহত হন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক অফিসার ডা. মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের মাথা, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।
