ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।
সোমবার সকালে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন পান।
বিচারক মো. কায়সারুল ইসলাম দুই হাজার টাকা মুচলেকায় মতিউর রহমানের জামিন মঞ্জুর করেন।
মতিউর রহমানের আইনজীবী এহসানুল হক সমাজি সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক প্রথম আলো সম্পাদক বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করেন আদালত।
এ মামলায় গত ২০ জানুয়ারি মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়ে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলে হাইকোর্ট। জামিন আবেদন করলে তা বিবেচনা করতেও বলা হয়।
একই সঙ্গে প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ অপর পাঁচজনকে এ মামলায় অভিযোগ গঠন বা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত (যেটি আগে হয়) হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দেওয়া হয়।
অপর চারজন হলেন- প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক এবং কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম।
গত বছরের ১ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে ‘কিশোর আলো’র একটি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত। এরপর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসকরা।
এই মৃত্যুর ঘটনায় আবরারের বাবা মো. মুজিবুর রহমান গত ৬ নভেম্বর প্রথম আলো সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়।
