কুষ্টিয়ার মিরপুরে ফুপার বিরুদ্ধে এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার সন্ধ্যায় ফুপা হাসেম আলীকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত রবিবার রাতে হাসেম আলী তার নিজঘরে ওই শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে নির্যাতিতার পরিবারের সদস্যরা।
ধর্ষণের শিকার ওই শিশু উপজেলার তিথলিয়া গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। স্থানীয় একটি ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সে। আর অভিযুক্ত হাসেম আলী একই বাড়ির পাশের একটি ঘরের বাসিন্দা। স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকেন তিনি।
মামলার এজাহারে বলা হয়, রবিবার রাতে বাবা-মা ও দাদির সঙ্গে বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলে যায় ওই শিশু। রাত ৯টার দিকে শিশুটির ঘুম পাচ্ছে বলে তার মাকে জানায় সে। একপর্যায়ে তার মা তাকে বাড়িতে গিয়ে ঘুমাতে বলেন। এরপর শিশুটি বাড়ি ফিরে ফুপু মিনারা খাতুনের ঘরে টিভি চলতে দেখে সেখানে যায়।
এ সময় ওই কক্ষে মিনারা খাতুন ও তার স্বামী হাসেম আলী ঘুমাচ্ছিল। টিভি দেখার পর শিশুটিও সেখানে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে হাসেম আলী ঘুমন্ত শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি তার বাবা-মাকে ঘটনাটি জানালে তার বাবা বাদী হয়ে হাসেম আলকে আসামি করে মিরপুর থানায় একটি মামলা করেন।
মিরপুর থানার ওসি আবুল কালাম দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার দুপুরে হাসেম আলীকে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠায় আদালত।
