মাতৃভাষা দিবসে কামরাঙ্গীরচরে দু’দিনের কর্মসূচি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৩ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষাশহীদদের স্মরণে রাজধানীর কামরাঙ্গীরচরে দু’দিনের কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কামরাঙ্গীরচর থানা শিক্ষক ফোরাম এবং কামরাঙ্গীরচর ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ। কর্মসূচির প্রথম দিন আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কামরাঙ্গীরচর শহীদ মিনার সড়কের খলিফাঘাট মোড় থেকে বড়গ্রাম মোড় পর্যন্ত (২১০০ ফুট দীর্ঘ) সড়কে আল্পনা আঁকবে। একই দিন বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয়েছে সাংস্কতিক অনুষ্ঠানের।

পরদিন ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের কর্মসূচি। এর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদান। ফুল দেওয়ার পর ভোর সাড়ে ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কামরাঙ্গীরচরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ প্রভাত ফেরিতে অংশ নেবেন। ভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে হাজারো জনতার ভিড় ঠেলে শ্রদ্ধা নিবেদন করা কষ্টসাধ্য ছিল। এই বিবেচনা থেকে ২০১৮ সালে অস্থায়ী শহীদ মিনার ও পরে স্থানীয় সাংসদের সহযোগিতায় এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত