খালেদা জিয়ার জামিন শুনানি ২টায়, সুপ্রিম কোর্টে কড়া নিরাপত্তা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ পিএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি বেলা ২টায় নির্ধারণ করেছে হাইকোর্ট।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রবিবার আবেদনটি এক নম্বরে রাখা ছিল।

রাষ্ট্রপক্ষ বেলা পৌনে ১১টার দিকে সময় আবেদন করলে দুপুর ২টায় শুনানির জন্য ধার্য করেন আদালত।

জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় সকাল থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের মাজার গেটের প্রবেশপথে তল্লাশি এবং পরিচয়পত্র দেখে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে গত মঙ্গলবার এ জামিন আবেদন করেন তার আইনজীবীরা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করা হয়। স্বাস্থ্যগত কারণ এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে এ আবেদন করা হয়েছে।

আইনজীবীরা জানান, এ মামলায় জামিন পেলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও তাকে জামিন পেতে হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। এ সাজার বিরুদ্ধে করা আপিল হাইকোর্টে শুনানির পর্যায়ে রয়েছে।

গত বছর ১২ ডিসেম্বর এ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিনের আবেদন খারিজ হলে দুই মাসের কিছু বেশি সময় পর আবারও জামিনের আবেদন করলেন তিনি।

বিএনপি এবং দলটির আইনজীবীদের অভিযোগ, সরকারের ইশারায় জামিনযোগ্য মামলায় তাকে জামিন দিচ্ছে না আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারা কর্তৃপক্ষের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত