দিনাজপুরের বিরামপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে সাইদুল ইসলাম (৪২) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে গুরুতর আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছে।
সোমবার দুপুরে বিরামপুরের কাটলা ইউনিয়নের পাঠানচড়া সীমান্তে এই ঘটনাটি ঘটে। আহত সাইদুল ইসলাম ওই ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
জানা গেছে, সোমবার সকালে পাঠানচড়া সীমান্ত দিয়ে ওই ব্যক্তি ভারতে পেঁয়াজ আনতে যায়। পেঁয়াজ নিয়ে দেশে আসার সময় সীমান্তের শূন্য রেখায় ভারত অভ্যন্তরে বিএসএফ সদস্যরা সাইফুলকে আটক করে নিয়ে যায়।
সেখানে বিএসএফ সদস্যরা বুট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খোঁচায় এবং বেধড়ক মারপিট করে। পরে বিএসএফ সদস্যরা সাইদুলকে গুরুতর আহত অবস্থায় সীমান্তের কাছে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা সাইদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ বিষয়ে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কিছু জানেন না বলে জানিয়েছে।
