রাবিতে শিক্ষার্থীদের টানা অনশনে অসুস্থ ২০

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবিতে অনশনরত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

গত বুধবার বেলা ১০টা থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। অসুস্থ শিক্ষার্থীরা হলেন- মাস্টার্সের রুহুল কুদ্দুস, চতুর্থ বর্ষের মুসাব্বির উল্লাহ এবং দ্বিতীয় বর্ষের নিশি খাতুন, সুলেখা খাতুন, লিজা আক্তার, মদিনা আক্তার ও জিমরান সাকিব, চতুর্থ বর্ষের তপুশ্রী সান্যাল, রওনক জাহান ও অর্পিতা বর্ধন, তৃতীয় বর্ষের আয়নাল হক, আরিফ খান, তুহিন ও জান্নাত ভিবা, দ্বিতীয় বর্ষের আবিদ হাসান, সাব্বির ও অর্ণব এবং প্রথম বর্ষের সাগর সরকার, নাঈম হাসান ও এনামুল।

 এদের মধ্যে তিনজন বুধবার রাতে এবং বাকিরা বৃহস্পতিবার দিনে অসুস্থ হয়ে পড়েন। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

দুপুরে রাবির উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান অনশনস্থলে আসেন। তিনি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আগামী সোমবার সিনেট ভবনে জরুরি সভা ডেকে আলোচনার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের নাম পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। যে কারণে এটি উপাচার্যের একক সিদ্ধান্তর বিষয় নয়।’

তবে শিক্ষার্থীরা বলেছেন, ‘আজই আমাদের সঙ্গে আলোচনা করতে হবে। না হয় আমাদের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।’

অনশনরত পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জিমরান সাকিব বলেন, আমাদের দ্বিতীয় দিনের অনশন চলছে। এখন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা আগের মতোই কেবল আশ্বাস দিয়ে চলেছেন। বিভাগ পরিবর্তনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

প্রসঙ্গত, পিএসসি’তে বিষয় কোড অন্তর্ভূক্ত করার দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন।

বর্তমানে বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত