বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বলেছে, উন্নত চিকিৎসার নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ খালেদা জিয়াকে যে চিকিৎসা দিতে চায়, তার পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগীর ভয়ংকর শারীরিক জটিলতা হতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে।
শুক্রবার সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে আদালতে হাসপাতাল কর্তৃপক্ষের পেশ করা খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থার সর্বশেষ রিপোর্ট প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ড্যাব মনে করে রিপোর্টে বিএসএমএমইউ কর্তৃপক্ষ খালেদা জিয়ার উন্নত চিকিৎসা গ্রহণে অস্বীকৃতির যে কথা উল্লেখ করা হয়েছে, তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বাস্তবতা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য একজন রোগীকে যে চিকিৎসা দেওয়া হয় তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রোগীর ভয়ংকর শারীরিক জটিলতা হতে পারে এমনকি মৃত্যুও হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, যেসব চিকিৎসক খালেদা জিয়ার প্রকৃত স্বাস্থ্যগত রিপোর্ট আদালতে দিচ্ছে না, সেসব চিকিৎসকের ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই। আর আস্থা না থাকলে কোন রোগীর চিকিৎসা নিতে অস্বীকৃতি জানানোই স্বাভাবিক।
