মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত চট্টগ্রামের অমর একুশে বইমেলা শেষ হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজনে দ্বিতীয়বারের মতো বড় পরিসরে ২০ দিনব্যাপী এই বইমেলার পুরোটাই ছিল উৎসবমুখর।
নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে আয়োজিত এই মেলায় প্রতিদিনই বিপুলসংখ্যক বইপ্রেমীদের ভিড় জমত। তবে একুশে ফেব্রুয়ারির দিন এবং শুক্র ও শনিবার তুলনামূলকভাবে বইমেলায় বেশি দর্শনার্থী হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বইমেলার শেষদিন শনিবারও ছিল উপচেপড়া ভিড়। বিকিকিনিও ছিল বেশ ভালো। এবারের বইমেলায় প্রায় ১৮ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এবার মেলায় ঢাকা ও চট্টগ্রামের ১৫৮ প্রকাশনা প্রতিষ্ঠানের ২০৫টি স্টল অংশ নিয়েছে।
গত বছরের চেয়ে এবারের বইমেলা সুন্দর ও গোছানো আয়োজনে হওয়ায় সন্তুষ্ট মেলায় অংশগ্রহণকারী প্রকাশক ও দর্শনার্থীরা। গতকাল শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এবারের বইমেলার সমাপ্তি ঘোষণা করেন।
মেলায় জনপ্রিয় লেখকদের বইয়ের পাশাপাশি এবার তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখকদের বইও ব্যাপক বই বিক্রি হয়েছে। মেলার শেষ দিনে বইপ্রেমীদের উপচেপড়া ভিড় চোখে পড়ার মতোই। লাল-সবুজের আবহে সাজানো বইমেলার প্রায় সব স্টল ঘুরে দেখা যায়, পরিপাটি করে ভাঁজে ভাঁজে রাখা বিভিন্ন জনপ্রিয় ও নতুন লেখকদের বই কিনছেন ক্রেতারা। এছাড়াও মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, ছড়া ও কিশোর কবিতা, অনুবাদসহ নানা রকমারি বই বেশ বিক্রি হতে দেখা গেছে।
