সৃজিত-মিথিলার রিসেপশনে কেন আসেননি অনেক তারকা?

আপডেট : ০২ মার্চ ২০২০, ০৯:১৮ পিএম

সৃজিত-মিথিলার বিয়ের রিসেপশনে সৃজিত ইন্ডাস্ট্রির সবাইকে দাওয়াত দিলেও অনুষ্ঠানে এসেছিলেন হাতেগোনা কয়েকজন মাত্র। কেন অধিকাংশ তারকাই আসেননি তা নিয়ে টলিপাড়ায় চলছে আলোচনা। কারণ সবাই ধরে নিয়েছিল, শনিবার সৃজিতের বিয়ের রিসেপশনে বসবে ‘চাঁদের হাট’। কিন্তু, সৃজিত-মিথিলার রিসেপশনের ঔজ্জ্বল্য যেন ঠিকরে পড়ল না সে ভাবে।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, একদা সৃজিতের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা ছিল তাদের অনেকের কাছেই আমন্ত্রণপত্র পৌঁছায়নি। তাই দেখা গেল না অনেক পরিচিত মুখকেও। টলিপাড়ার কিছু উজ্জ্বল মুখের উপস্থিতি নজর কাড়লেও না আসার তালিকাটা ছিল বিশাল।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সৃজিত-মিথিলার রেজিস্ট্রেশন হয়। তার পর থেকেই তারা কোথায় গেলেন, কী পরলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কেমন করে ছবি দিলেন— এ সবই ছিল মুখ্য আলোচনা। সৃজিত-মিথিলার রিসেপশনে তাই ভাবা হয়েছিল, নিমন্ত্রিতেরা সকলেই আসবেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে সৃজিতের অনেক ঘনিষ্ঠই এলেন না। একেক জন একেক কাজে ব্যস্ত। তাই তারা আসতে পারেননি বলেই জানা গিয়েছে।

যেমন, অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী সৃজিত-মিথিলাকে শুভেচ্ছা জানাতে এলেও আসেননি তার প্রিয় বান্ধবী নুসরাত। বোলপুরে ব্রাত্য বসুর নতুন ছবির জন্য তিনি আবির মুখোপাধ্যায়ের সঙ্গে শুটে ব্যস্ত। ফলে নুসরাতের পাশাপাশি দেখা গেল না আবিরকেও।

অনুপস্থিত ছিলেন সৃজিতের চিরকালের পছন্দের নায়ক যিশু সেনগুপ্তও। তিনি এখন মুম্বাইতে কাজ নিয়ে ব্যস্ত। তার স্ত্রী নীলাঞ্জনাও আসেননি। কারণ? নীলাঞ্জনার মা অসুস্থ। আসেননি পাওলি দাম। ‘কালী’র সেকেন্ড সিরিজ নিয়ে মুম্বাইতে ডাবিং-এ ব্যস্ত ছিলেন তিনি। ফলে সৃজিতের ‘জুলফিকার’ ছবির এই নায়িকারও দেখা মিলল না সেদিন।

সৃজিত-মিথিলাকে শুভেচ্ছা জানাতে সে দিনের দাওয়াতে কোয়েলের খুব আসার ইচ্ছে ছিল। কিন্তু সন্তানসম্ভবা কোয়েল যে ইদানীং বাড়ির বাইরেই বেরোচ্ছেন না। সেদিন দেখা যায়নি সৃজিতের বন্ধু স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। তবে শুভশ্রী শুটের জন্য আসতে না পারায় তার খামতি পূর্ণ করে দিয়েছিলেন তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।

শুটিং থাকা সত্ত্বেও বন্ধু সৃজিতের ডাকে কলকাতা ফিরে সৃজিত-মিথিলাকে শুভেচ্ছা জানালেন তার প্রিয় অভিনেতা, বন্ধু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুম্বাইতে ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। তারাও কাজ শেষ করে ফিরতে পারেননি কলকাতায়।

সেদিন অতিথিদের মুখে মুখে ফিরছিল আরও দুটো নাম— দেব আর জিৎ? কোথায় ছিলেন তারা? দেব বাঁ পায়ে ‘ফ্র্যাকচার’ নিয়ে বাড়িতে বসেছিলেন। ফোন করেই সৃজিতকে জানিয়েছিলেন যে, তিনি আসতে পারছেন না। আর জিৎ এসেছিলেন সেদিন মধ্যরাতে, সকলের অগোচরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত