গ্রেটাকে বিদ্রুপ করে ক্ষমা চাইল তেল কোম্পানি

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১২:১০ এএম

সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে বিদ্রুপ  করার উদ্দেশ্যে যৌন সুড়সুড়ি দিয়ে আঁকা একটি ছবির নিচে কোম্পানির লোগো দিয়ে বানানো স্টিকারের জন্য ক্ষমা চেয়েছে কানাডাভিত্তিক একটি তেল কোম্পানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই স্টিকারের ছবিতে এক নারীর পেছনভাগের নগ্ন সাদাকালো প্রতিকৃতি এবং দুটো হাতকে ওই নারীর চুলের বেণি টেনে ধরতে দেখা যায়। চুলের বিনুনিটি ১৭ বছর বয়সী গ্রেটার ‘সিগনেচার’ হেয়ার স্টাইলের মতো। ছবির নিচে ‘গ্রেটা’ শব্দটি এবং এক্স-সাইট এনার্জি সার্ভিসের লোগো ছিল। 

ব্যাপক সমালোচনা ও নিন্দার মুখে কানাডার এ তেল ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গত সোমবার এক বিবৃতিতে স্টিকারের ওই ছবির জন্য ক্ষমা প্রার্থনা করেছে এবং ‘ভালো কিছু’ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

কানাডার আলবার্টা প্রদেশভিত্তিক এ কোম্পানিটি প্রথম দিকে যৌন সুড়সুড়ি দেওয়া এ স্টিকারের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছিল বলে জানিয়েছে কানাডার গণমাধ্যম। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলোর উদাসীনতায় হতাশ হয়ে ২০১৮ সাল থেকে প্রতি শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্বজুড়ে লাখ লাখ কিশোর-তরুণ বয়সীকে উদ্দীপনা জুগিয়েছেন সুইডেনের এ কিশোরী আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত