সূচি অনুযায়ীই ম্যাচটি হওয়ার কথা ছিল। ম্যাচ উপলক্ষে সংবাদ সম্মেলনও করেছে দুই দল। কিন্তু মাঠে গড়ানোর ২৪ ঘণ্টা আগে ঘোষণা আসল স্থগিত জুভেন্তাস ও এসি মিলান মধ্যকার ইতালি কাপের সেমি-ফাইনাল লড়াই! করোনাভাইরাসের প্রাদুর্ভাবে হঠাৎই এ সিদ্ধান্ত জানাল তুরিন নগর কর্তৃপক্ষ।
জুভেন্তাসের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি করোনাভাইরাসে ভুগছে সবচেয়ে বেশি। দেশটির তিনটি অঞ্চল লম্বার্ডি, ভেনেতো ও এমিলিয়া রোমাগনাতে সব ধরনের ক্রীড়া ইভেন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুই রাজ্যে ইতালি ফুটবলের শীর্ষ লিগ সেরি আর ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়েছে।
উত্তর-পশ্চিম ইতালির পিডেমন্তের রাজধানী তুরিনের ক্লাব জুভেন্তাস। গত রোববার এই অঞ্চল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পরই ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, এসি মিলানের বিপক্ষে তাদের সেমি-ফাইনাল ম্যাচটি দর্শকে ভরা মাঠেই অনুষ্ঠিত হবে।
এরমধ্যে তুরিনের শহরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গাজেতা দেলো স্পোর্তকে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, নগর কর্তৃপক্ষ ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানায়, ২৪ ঘণ্টায় করোনোভাইরাসের সংক্রমণে ২৭ জনের মৃত্যু হয়েছে। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার।
এমন তথ্য পাওয়ার পর পরই জুভেন্তাস-এসি মিলানের ম্যাচটি সিদ্ধান্তের কথা জানায় তুরিন নগর কর্তৃপক্ষ। তবে নাপোলি ও ইন্টার মিলান মধ্যকার অপর সেমি-ফাইনাল ম্যাচটি সূচি অনুযায়ী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
