চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টিনের জন্য ব্যবহৃত হোটেল ধসে প্রায় ৭০ লোক আটকা পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফুজিয়ান প্রদেশের শেনজং শি শহরে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রাত প্রায় ৯টার দিকে ভবনটির ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করা হয় বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি জানিয়েছে, হোটেলটি করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টিন রাখার জন্য ব্যবহৃত হচ্ছিল। খবরে ভবন ধসের কোনো কারণ জানানো হয়নি।
প্রকাশিত খবরে জানা গেছে, হোটেলটি ২০১৮ সালে চালু হয়েছিল এবং এতে অতিথিদের জন্য ৮০টি কক্ষ ছিল।
শুক্রবার পর্যন্ত ফুজিয়ান প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৯৬ জন। প্রদেশটিতে আক্রান্তদের সংস্পর্শে আসা ১০ হাজার ৮১৯ জনকে পৃথক অবস্থায় পর্যবেক্ষণে (কোয়ারেন্টিন) রাখা হয়েছে।
