মেসির পেনাল্টি গোলে জয়ে ফিরল বার্সেলোনা

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১১:৩৯ পিএম

নাপোলির সঙ্গে ড্র’র কয়েকদিনের মধ্যে এল ক্লাসিকোতে চিরশত্রু রিয়াল মাদ্রিদের কাছে হার। ব্যাপক সমালোচনায় পড়েছিল বার্সেলোনা। শনিবার লা লিগায় লিওনেল মেসির পেনাল্টি গোলে রিয়াল সোসিয়াদাদকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আবার উঠেছে শীর্ষে। ৫৬ পয়েন্ট নিয়ে রিয়াল কাল খেলেছে রিয়াল বেতিসের সঙ্গে।

সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের মাঠে এর আগে ২১ ম্যাচ জিতেছে বার্সা, তাদের বিপক্ষে সহজেই জেতার কথা ছিল বার্সার। কিন্তু তা হয়নি। এদিন সেতিয়েন বার্সাকে খেলান ৪-৩-৩ ফরমেশনে। সামনের তিনের মাঝে মেসি, ডানে আতোয়া গ্রিজমান, বাঁয়ে তরুণ মার্টিন ব্রাথওয়েট। প্রথমার্ধে সুযোগ নষ্টের মহড়াই ছিল বেশি। ৩৩ মিনিটে বার্সাকে রক্ষা করেন স্প্যানিশ গোলকিপার আন্দ্রে টার স্টেগান। ছুটে এসে বল নিয়ন্ত্রণে নেন, একটুর জন্য নাগাল পাননি সোসিয়েদাদের পোর্তো। ৪০ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু লক্ষ্যে থাকেনি তার শট। দু’মিনিট পরই মিকেল মেরিনোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি। সরাসরি লাল কার্ডও পেতে পারতেন। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ভালো কিছু সুযোগ তৈরি করেছিলেন রাকিতিচ। ৭৪ মিনিটে তার বদলে নামেন আর্তুরো ভিদাল। ৭৮ মিনিটে ভিদাল বাম প্রান্ত থেকে ক্রস করেছিলেন বক্সের ভেতর। ফরাসি রবিন লি নরমাঁদ হেডে বল ক্লিয়ার করার সময় তা লাগে বাহুতে। পিকে আবেদন করলে, ভিএআরে সিদ্ধান্ত বদলেছে। পেনাল্টি থেকে গোল করেন মেসি। লা লিগায় ২২ ম্যাচে এটি তার ১৯তম গোল। ইউরোপের শীর্ষ ৫ লিগের ইতিহাসে ৪৩৮ গোল নিয়ে শীর্ষে মেসি। দ্বিতীয় স্থানে (৪৩৭ গোল) ক্রিশ্চিয়ানো রোনালদো।

বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, ‘আমরা এক গোল ব্যবধানে জিতেছি, কিন্তু এতে শিরোপা জয়ের আশা বেঁচে রইল। আমরা এমন পরিস্থিতি (বাহুতে বল) আগেও দেখেছি, পেনাল্টিও দিতে দেখেছি তাই আমি হ্যান্ডবলের আবেদন করি।’ কোচ সেতিয়েন ভিএআর সিদ্ধান্তে খুশি। বলেন, ‘ভিএআরকে ধন্যবাদ আমরা গোল পেয়েছি। গোল পাচ্ছিলাম না কিন্তু ভালো সুযোগ তৈরি হয়েছিল।’

ন্যু ক্যাম্পের এদিন ৭৭ হাজারের বেশি দর্শকের অনেকেই করোনা আতঙ্কে মাস্ক পরেছিলেন। প্রিয় দল গোল পাচ্ছিল না দেখে হতাশা প্রকাশ করেন তারা শিস বাজিয়ে।

একই দিনে আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়ার ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ২৭ ম্যাচে ৪৭ পয়েন্টে তৃতীয় স্থানে সেভিয়া। সমান ম্যাচে ৪৫ পয়েন্টে পঞ্চম স্থানে আতলেতিকো মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত