হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার দুপুর দেড়টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেশ কুমার বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার ল্যান্স নায়েক মানিক হোসেনের নিকট মিষ্টি উপহার দেন। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন ও শুভেচ্ছা জানান।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস হোসেন জানান, দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষে বিএসএফ আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব গুলিতে আমরা দুই বাহিনী একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।
হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে এই রেওয়াজ চলে আসছে বলেও জানান তিনি।
