চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২১নং খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বহরমপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান সোহরাব বহরম পাড়াস্থ তার নিজ বাড়ির জামে মসজিদের সামনে ইউপি সদস্য নাঈমের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় হঠাৎ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে চেয়ারম্যান উপর অতর্কিতভাবে হামলা করে এবং গুলি চালায়।
চেয়ারম্যান সোহরাব দৌড়ে পার্শ্ববর্তী বাড়িতে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে সেখানেও দুর্বৃত্তরা তাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে জখম করে।
তাতে ক্ষান্ত না হয়ে সন্ত্রাসীরা চেয়ারম্যানকে তুলে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে চেয়ারম্যানের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ চেয়ারম্যানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, চেয়ারম্যানের পায়ে দুটি ক্ষতচিহ্ন রয়েছে এবং শরীরেও বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে।
এদিকে চেয়ারম্যানের ওপর হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত লোকজন রাস্তায় এসে মিছিল করে প্রতিবাদ জানান। মিছিলে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানানো হয়।
এ ব্যাপারে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বকর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে উত্তেজিত জনতাকে শান্ত করেছি। অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার খবর শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।’
