মানিকগঞ্জে আরও ২৬১ জন বিদেশফেরত হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ২৭ মার্চ ২০২০, ১২:৫১ পিএম

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২৬১ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন ৭২১ জন।

এদিকে গেল ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ৫৯ ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৩৮৮ জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন।

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এসব তথ্য নিশ্চিত করে বলেন, চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত মোট ১১০৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

করোনাভাইরাসে আতঙ্কিত হয়ে মানিকগঞ্জের প্রবাসীরা সৌদিআরব, সিঙ্গাপুর, ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসতে শুরু করে। আমরা প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয় করে তাদের তালিকা করতে থাকি। কিন্তু কিছু প্রবাসী আত্মগোপনে চলে গিয়েছিল এবং যাচ্ছিল। পরে মানিকগঞ্জ জেলা প্রশাসক যেসব প্রবাসীরা দেশে এসে তথ্য প্রদান না করবে তাদের পাসপোর্ট বাতিল করা হবে গণবিজ্ঞপ্তি দেয়ায় এখন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করছেন তারা। ফলে গেল ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ প্রবাসী ২৬১ জন তথ্য দিয়েছেন।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নেই কোনো যাত্রীবাহী বাস। ব্যস্ততম মহাসড়কটি একেবারেই ফাঁকা।

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের পুরাতন ভবনে দোতলায় নারী ও পুরুষদের জন্য আলাদা ১৭ শয্যার আইসোলেশন ইউনিট এবং মানিকগঞ্জ জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে।

মানিকগঞ্জের ২টি পৌরসভা এবং ৭টি উপজেলার ৬৫টি ইউনিয়নের সকল মার্কেট, হাটবাজারের সকল দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। শুধুমাত্র ওষুধ ও মুদি দোকানপাট খোলা রয়েছে। তবে ক্রেতা একেবারের কম বলে জানিয়েছেন এসব ব্যাবসায়ীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত