প্রাণী থেকে মানুষের শরীর। এরপর বৈশ্বিক মহামারী। নভেল করোনাভাইরাস (কভিড-১৯) এবার কয়েকটি দেশে বিপরীত চক্রে প্রবেশ করছে; মানুষ থেকে প্রাণী!
রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ জানিয়েছে, সর্বশেষ বেলজিয়ামে একটি বিড়াল তার অসুস্থ মালিকের থেকে সংক্রমিত হয়েছে। এর আগে হংকংয়ে একটি কুকুর একইভাবে করোনার কবলে পড়ে।
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লিগে নামের এক ব্যক্তি কভিড-১৯ রোগে পড়ার এক সপ্তাহ পর তার বিড়ালের শ্বাসকষ্ট এবং ডায়রিয়া দেখা দেয়।
বিড়ালটি মাটিতে গড়াগড়ি শুরু করলে বেলজিয়ামের করোনাভাইরাস ক্রাইসিস সেন্টারে যোগাযোগ করা হয়। রোগ ধরা পড়ার পর বিড়ালটিকে আলাদা রাখা হয়েছে।
ক্রাইসিস সেন্টারের প্রধান এমানুয়েল আন্দ্রে স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘পশুপাখি করোনা থেকে ঝুঁকি মুক্ত এটা ভাবার উপায় নেই। মানুষ থেকে তাদের আক্রান্ত হওয়ার ধরন পৃথিবীর জন্য নতুন চিন্তার কারণ হতে পারে।’
এর আগে মার্চের শুরুতে হংকংয়ে একটি কুকুর তার মালিকের থেকে আক্রান্ত হওয়ার পর সেটিকে আইসোলেশনে পাঠানো হয়।
বেলজিয়ামে করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৮৯ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২৮৪ জন।
