গাইবান্ধায় আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের দুজনই নারী। তাদের একজনের বয়স ২০ এর বেশি ও আরেকজনের বয়স ৪০ এর বেশি। তাদের সরকারি দুইটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের কোন দূরারোগ্যব্যাধি ছিল না। এর আগে করোনায় আক্রান্ত হওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলেকেও নেওয়া হয়েছে আইসোলেশন ইউনিটে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন ৪ জন।
এ বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ আজ দুপুরে দেশ রূপান্তরকে বলেন, গত ২৩ থেকে ২৫ মার্চ ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে থাকা চার উপজেলার কিছু সংখ্যক মানুষের নমুনা সংগ্রহ করে। সংগ্রহ করা সেসব নমুনা ঢাকায় নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর দুজনের শরীরে করোনার জীবাণু পায় আইইডিসিআর। নতুন এই দুই জনসহ পূর্বে শনাক্ত হওয়া মা ও ছেলেকে গতকাল শুক্রবার রাত থেকে গাইবান্ধার দুইটি সরকারি হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এদিকে আজ শনিবার অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর জানায়, ‘গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় কেউ আক্রান্ত নেই’। পরে এ বিষয়ে গতকাল শুক্রবার সকালে আইইডিসিআর থেকে নিয়মিত অনলাইনে ব্রিফ করা ‘দেশে করোনায় আক্রান্ত নতুন চারজন’ এর মধ্যে গাইবান্ধার এই দুজন কিনা এ প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, এটা আইইডিসিআর বলতে পারবে। আমি অবহিত হয়েছি গতকালকে (শুক্রবার)। শুক্রবার কখন জানতে পেরেছেন-এ প্রসঙ্গে তিনি বলেন, এত তথ্য এভাবে বলা যাবে না। আমরা সময়মতো তথ্য পেয়েছি। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি।
এদিকে গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আমেরিকা প্রবাসী মা-ছেলেসহ ৪ জন ও হোম কোয়ারেন্টাইনে আছেন ২২৫ জন। তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন সুন্দরগঞ্জ উপজেলায় ৫৮ জন, গোবিন্দগঞ্জে ৫১ জন, সদরে ৪২ জন, সাদুল্লাপুরে ২৭ জন, সাঘাটায় ১৪ জন, পলাশবাড়ীতে ১৪ জন ও ফুলছড়ি উপজেলায় ১০ জন এবং বগুড়া থেকে সাদুল্লাপুরে বিয়ের অনুষ্ঠানে আসা ৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন ও নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৩ জনকে।
এ ছাড়া গত ২২ মার্চ যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের শরীরে করোনা শনাক্ত হওয়ার চার দিন পর গতকাল শুক্রবার রাতে তাদেরও নেওয়া হয়েছে গাইবান্ধার একটি সরকারি হাসপাতালের আইসোলেশন ইউনিটে। তাদের ভর্তি করে সেখানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
