ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর উদ্যোগে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ৭শ পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) দিয়েছে মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেড।
শনিবার দুপুরে সংসদ সদস্যের সবুজমতি কার্যালয়ে হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলামের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
শ্যামল দত্ত বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ডাক্তারদের জন্য পিপিই অত্যন্ত জরুরি। ডাক্তাররা চিকিৎসা করছেন, বিশেষ করে যারা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসছেন বা যারা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কাছাকাছি আসা খুবই ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যেই বেশ কয়েকজন ডাক্তারও আক্রান্ত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তাদের পিপিই দেয়াটা জরুরি বলে মনে করি এবং আমরা এই উদ্যোগটি অব্যাহত রাখব।
মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালের চিকিৎসকরা এরই মধ্যে পিপিই পরিধান করে দায়িত্ব পালন শুরু করেছে। করোনা পরিস্থিতিতে ডাক্তার-নার্সরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই পিপিইগুলো ডাক্তার-নার্সদের অনেক কাজে লাগবে।
তিনি আরও বলেন, আমাদের দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখনো সেভাবে ছড়ায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমি আশঙ্কা করছি, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ যদি ইউরোপের মতো ছড়িয়ে পড়ে তাহলে বড় রকমের বিপদের শঙ্কা রয়েছে। হাসপাতালগুলোর ডাক্তার-নার্সদের করোনা ঝুঁকি মোকাবিলায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
