একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পটুয়াখালীর সোলাইমান মৃধা (৯৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। গত রবিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। কারারক্ষী রবিউল ইসলাম জানান, তিনি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে তার মৃত্যু হয়।
সোলাইমানের নাতি আরিফুর রহমান জানান, তাদের বাড়ি পাটুয়াখালী সদর উপজেলায়। সোলাইমানের এক ছেলে ও এক মেয়ে। ২০১৫ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাবন্দি ছিলেন তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগে ২০১৫ সালের সেপ্টেম্বরে সোলাইমান মৃধাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারে করে ট্রাইব্যুনাল। পরে পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
