সীতাকুন্ডে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ কনস্টেবল আটক

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০২:০৪ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে প্রতারণা করে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন নগর পুলিশের কনস্টেবলসহ তিনজন।

মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরা এলাকা থেকে তাদের আটক করে সীতাকুন্ড থানা পুলিশ।

আটকরা হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মো. সোহেল রানা, তার সহযোগী মোহাম্মদ ইমরান ও গাড়ি চালক আব্দুল মোনাফ।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা ডাল চাল মিয়া মাজার এলাকায় মুদির দোকানসহ আরও কিছু দোকানপাট খোলা ছিল। এমন সময় রাত সাড়ে আটটার দিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে হাজির হন সোহেল রানাসহ তিনজন।

এ সময় সোহেল রানার কোমরে পিস্তল রাখার চামড়ার ব্যাগ ছিল। গাড়ি থেকে নেমে নিজেকে সীতাকুন্ড থানার এসআই পরিচয় দিয়ে লকডাউন এর মধ্যে দোকানদারদের দোকান খোলা রাখার কারণ জিজ্ঞেস করেন।

এতে করে দোকানদাররা ভয় পেয়ে যায়। এই সুযোগে তারা দোকানদারদের কাছে চাঁদা দাবি করে অন্যথায় মামলার ভয় দেখায়। কয়েকজন দোকানদারের থেকে তারা কিছু টাকা হাতিয়ে নেয়।

এ সময় ভয়ে দোকান খোলা রেখে কয়েকজন দোকানদার পালিয়ে যান। তখন  প্রতারকরা একজনের দোকানে ঢুকে ক্যাশে হাত দেয়। এতে এলাকাবাসীর সন্দেহ হয়।

একপর্যায়ে এলাকাবাসী তাদের তিনজনকে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেয়। চেয়ারম্যান সীতাকুণ্ড থানায় জানালে ওসি ফিরোজ হোসেন মোল্লা ও ওসি তদন্ত শামীম শেখ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। রাতেই তাদের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।

ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, তাদের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত