মাদারীপুরের হাট-বাজারে করোনা সংক্রমণের ঝুঁকি

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৫:০৪ পিএম

দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তৃতির আতঙ্কের মধ্যেও মাদারীপুরে থামছে না দৈনিক বাজার ও সাপ্তাহিক হাট। সরকারের নির্দেশনা উপেক্ষা করে জেলার বিভিন্ন স্থানে সকাল-বিকেল নিয়মিত বসছে হাট-বাজার।

পাশাপাশি নির্ধারিত স্থান ও বন্দরে বসছে সাপ্তাহিক হাট। ফলে হাজারো লোক সমাগমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েই যাচ্ছে। শহরতলি ও গ্রামগঞ্জের কেউ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছে না। লম্বা ছুটিতে ঢাকা থেকে গ্রামে আসা লোকজন দল বেঁধে যাতায়াতসহ চুটিয়ে আড্ডা দিচ্ছে।

লোকজনকে সচেতন করতে প্রশাসন, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী হিমশিম খাচ্ছে। জেলা প্রশাসকের গণ-বিজ্ঞপ্তি জারি করা হলেও তা মানছে না কেউ। ঢাকা ফেরতরা বেশি বেপরোয়াভাবে চলাফেরা করছে। যাতায়াত করছে হাট-বাজারসহ আত্মীয়দের বাড়িতে।

বুধবার সকালে হাট বসার কারণে রাজৈরের টেকেরহাট উত্তরপাড় মহাসড়কে সৃষ্টি হয় যানজট। সড়ক মহাসড়কে লোক গাদাগাদি করে চলাচল করছে ইজিবাইক, ভ্যান রিকশাসহ ছোট-ছোট যানবাহন।

ঢাকা ফেরতরা নানা ভাবে গ্রামবাসীর সংস্পর্শে আসায় করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। এ দৃশ্য সবচেয়ে বেশি চোখে পড়ছে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার প্রায় সর্বত্র। তবে শিবচরের চিত্র ভিন্ন। সেখানে লোক সমাগম খুব একটা দেখা যায় না।

বুধবার শহরের ইটেরপুল, পুরান বাজার, কুলপদ্বী, চৌরাস্তা, মস্তফাপুর, মঠের বাজার, ছিলারচরসহ বিভিন্ন স্থানের হাট-বাজারে ঘুরে লোক সমাগম উপস্থিতি দেখা গেছে।

এ ছাড়া রাজৈর উপজেলার রাজৈর, টেকেরহাট বন্দর, শংকরদী উত্তরপাড়, দক্ষিণপাড়, বন্দর হাট, আমগ্রামসহ গ্রামের হাট-বাজারে সামাজিক দূরত্ব মোটেই তোয়াক্কা করছে না কেউ।

মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সদস্য ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ইয়াকুব খান শিশির বলেন, করোনাভাইরাস একটি মারাত্মক রোগ। এর জন্য জনগণকে অবশ্যই সচেতন হতে হবে এবং দেশপ্রেম থাকতে হবে। প্রত্যেককে ঘরের ভেতরেই থাকতে হবে। মানুষ হাট-বাজারে অহেতুক ঘোরাফেরা করছে বিষয়টি দুঃখজনক। হাট-বাজারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করতে হবে।

মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি সাধারণ মানুষকে সচেতন করতে। যারা হচ্ছে না তাদের জন্য আইনের প্রয়োগ আরও বাড়িয়ে দেওয়া হবে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, সকলে চেষ্টা করে যাচ্ছে সম্মিলিত সহযোগিতায় করোনাভাইরাসের ঝুঁকি থেকে মাদারীপুরকে রক্ষা করতে। সকলের ঐকান্তিক সহযোগিতায় আমরা করোনাভাইরাস প্রতিরোধ করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত