ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে রাবা খান

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৯:৩৪ পিএম

বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস এশিয়ার ৩০ জন সফল তরুণের নাম প্রকাশ করেছে। ফোর্বসের করা ৩০ বছরের কম বয়সী ৩০ জন তরুণের এই তালিকায় প্রথম দিকে রয়েছেন বাংলাদেশের উদ্যোক্তা, কৌতুকশিল্পী ও ইউটিউবার রাবা খান। শুধু তাই নয়, ২ এপ্রিল প্রকাশিত পত্রিকাটির এশীয় সংস্করণের প্রচ্ছদেও স্থান পেয়েছে রাবা খানের ছবি।

জানা যায়, এশিয়ার ৩০০ জন তরুণ উদ্যোক্তা, নেতা ও নতুন পথ উন্মোচনকারীদের প্রাথমিক তালিকা করেছিল এই পত্রিকাটি। সেখান থেকে সেরা ৩০ জনের নাম প্রকাশ করা হয়।

ফোর্বসের তালিকায় রাবা খানের পরিচয় দেওয়া হয়েছে জেকেএনকে ফ্যাশন ব্র্যান্ডের স্বত্বাধিকারী ও দেশের প্রথম নারী ইউটিউব কমেডিয়ান। ফোর্বসের তালিকায় রাবা তৃতীয় স্থানে অবস্থান করছেন।

এ বিষয়ে রাবা খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। আমি ফেব্রুয়ারি থেকে অপেক্ষা করছিলাম। কারণ ফেব্রুয়ারিতে আমার প্রথম ফটোশুট হয়েছিল। অনেক অপেক্ষার পর ফোর্বসের প্রচ্ছদে নিজেকে দেখে সত্যিই অনেক ভালো লেগেছে।’

রাবা আরও বলেন, ‘যখন আবেদন করেছিলাম তখন চিন্তা করেছিলাম যে হয়ে যাবে। কিন্তু এভাবে প্রচ্ছদে নিজের ছবি চলে আসবে এত বড় করে আসবে সেটা আমি ভাবিনি।’

রাবার এ কৃতিত্বে তার পরিবারের লোকজন খুবই খুশি। রাবা বলেন, ‘ফোর্বস আমার বাবার খুব প্রিয়। আর সেই পত্রিকাতেই আমার ছবি এলো এতে আমার আশ্চর্যরকম অনুভূতিই হচ্ছে।’

প্রসঙ্গত, এই তালিকায় প্রথমে রয়েছেন ফিলিপাইনের লুইস মাবুলো। তিনি তার কোকাকো প্রজেক্টের জন্য আলোচিত। দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার মারিয়াস সান্টানু। যিনি ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত। প্রতিদিন ১৪ হাজার মানুষ তার খাবার গ্রহণ করে। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রাবা।

রাবা খানের সম্পর্কে ফোর্বস লিখেছে, ‌রাবা খান প্রতিটি বাংলাদেশের তরুণ-তরুণীর কাছে পরিচিত নাম। তিনি ভিডিও তৈরির মাধ্যমে নানারকম বিনোদন দিয়ে আসছেন। বিদ্রূপাত্মকভাবে সামাজিক সমস্যাও তুলে ধরছেন। কখনো তাকে গাইতে বা কারও বাচন রপ্ত করতে দেখা গেছে। বিশেষ করে পুরোনো টিভি বিজ্ঞাপনে তার ঠোঁট মেলানো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া সমাজের নানা ধরনের চরিত্রগুলো তিনি অনুকরণ করে উপস্থাপন করেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি লেখালেখিতে পাওয়া গেছে তাকে। ‘বান্ধবী’ নামে তার একটি বই প্রকাশিত হয়েছে। এটি নিয়ে নানা আলোচনা ও সমালোচনার ‍মুখেও পড়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত