যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি করোনভাইরাস মোকাবিলায় তার প্রশাসনের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে, তা করতে করতে তিনি রাজি আছেন। খবর আলজাজিরা।
তিনি বলেন, ‘তাদের আক্রান্তের সংখ্যা অনেক বেশি। অনেক অনেক বেশি। বিশ্বের অন্যতম খারাপ পরিস্থিতি এখন সেখানে, যদি আপনি বিশ্বাস করে থাকেন। আমি সেটা বিশ্বাস করি, কারণ আমি দেখি এবং আমি জানি। তারা যদি সাহায্য চায় তাহলে তাদের পাশে দাঁড়াতে আমি রাজি।’
প্রসঙ্গত চীনের পর ইরানে সবচেয়ে বড় আঘাত হানে করোনাভাইরাস। পরবর্তীতে সেই প্রকোপ ইতালির দিকে চলে গিয়ে এখন ইউরোপকে বিপর্যস্ত করে তুলেছে।
ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ১৬০ জন। তবে ধারণা করা হচ্ছে, আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিযোগ, ইরান করোনাভাইরাস সম্পর্কিত তথ্য গোপন করছে।
শুরুতে করোনা সংক্রমণকে গুরুত্ব না দেয়া, রাজনৈতিক ঔদাসীন্য দেখানো সেই সঙ্গে ধর্মীয় আবেগে মোকাবিলা করতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে ইরান। এমনকি দেশটির সরকার দাবি করে, করোনাভাইরাস হচ্ছে যুক্তরাষ্ট্রের ছড়িয়ে দেয়া জীবাণু অস্ত্র।
একপর্যায়ে দেশটির পার্লামেন্টের অনেক এমপিসহ সরকারি শীর্ষ কর্মকর্তারাও আক্রান্ত হয়ে পড়েন করোনা। মারা যান শীর্ষ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টাও।
করোনা সংকট মোকাবিলায় ব্যর্থ হওয়ার পেছনে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিও উঠে এসেছে। এর ফলে জরুরি চিকিৎসা সামগ্রীর অভাব দেখা দিয়েছে দেশটিতে।
এদিকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে প্রায় আড়াই লাখের মতো মানুষের মধ্যে কভিড-১৯ সংক্রমিত হয়। এর মধ্যে মারা গেছে ৬ হাজার ৫৩ জন।
এদিকে আগামী মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ডেমোক্রেট পার্টির নেতা সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, করোনা মোকাবিলায় ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতি তিনি সমর্থন জানাবেন।
