বলিউড কিং শাহরুখ খান এগিয়ে এসেছেন করোনা মোকাবিলায়। ইতিমধ্যেই তার অধীনস্থ সংস্থাগুলোর মাধ্যমে ব্যাপক সহায়তা কার্যক্রম শুরু করে দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর PM-CARES-এর পাশাপাশি দিল্লি-পশ্চিমবঙ্গের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য করেছেন শাহরুখ খান। সেই সঙ্গে দুস্থ-প্রান্তিক মানুষদের মুখেও খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। রুপালি পর্দায় সম্প্রতি তাকে দেখা না গেলেও বুঝিয়ে দিয়েছেন, মনের দিক থেকে তিনিই বাদশা। এবার জানা গেল, কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য শাহরুখ নিজের পুরো অফিসটাই দিয়ে দিচ্ছেন।
রেড চিলি এন্টারটেইনমেন্ট নয়, শাহরুখ ও স্ত্রী গৌরী খানের অন্য একটি চারতলা অফিসকে বদলে ফেলা হবে কোয়ারেন্টাইন সেন্টারে। বৃহন্মুম্বই পুরনিগম (BMC) টুইট করে এ খবর নিশ্চিত করেছে। সেই সঙ্গে এমন মহৎ উদ্যোগের জন্য শাহরুখকে ধন্যবাদও জানানো হয়েছে। টুইটারে তারা লেখে, ‘শিশু, মহিলা এবং বয়স্কদের কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করলেন শাহরুখ ও গৌরী খান। দেশের এমন কঠিন পরিস্থিতিতে চারতলা অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার বানাতে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। সঠিক সময়ে প্রশংসনীয় সিদ্ধান্ত।’
বলিউড তারকারা যখন করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী কিংবা বিভিন্ন রাজ্যের ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করছিল, তখন কিং খানের নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে সমালোচনা দীর্ঘায়িত হতে দেননি তিনি। করোনা মোকাবিলায় নানাভাবে দেশবাসীর পাশে দাঁড়ান বি-টাউনের সুপারস্টার। অর্থ সাহায্যের পাশাপাশি তার ‘মীর ফাউন্ডেশন’ (Meer Foundation) পক্ষ থেকে ৫০ হাজার পিপিই (Personal Protective Equipment) কিট দেওয়া হয় পশ্চিমবঙ্গ আর মহারাষ্ট্রের হাসপাতালগুলোতে। আগামী দিনে যাতে এই দুই রাজ্যের হাসপাতালগুলিতে ভেন্টিলেশনের অভাব না হয়, তার জন্য আলাদা করে অর্থ সাহায্যও দিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়, করোনার জেরে বেকার হওয়া মুম্বাইয়ের প্রায় সাড়ে ৫ হাজার গরিব পরিবারকে রোজ দু’বেলা খাওয়ানোর দায়িত্ব তুলে নিয়েছেন তিনি। ‘এক সাথ’ নামের একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে মীর ফাউন্ডেশন করবে এই কাজ। অন্তত এক মাস খাদ্য সরবরাহ করা হবে তাদের। সেই সঙ্গে ২ হাজার প্লেট খাবার রোজ পৌঁছে যাবে হাসপাতাল আর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের কাছে। যার সমস্ত ব্যয়ভার বহন করবেন শাহরুখ খান নিজে।
এ ছাড়া মুম্বাই পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে তার সংস্থা রোজ ৩ লাখ খাবারের প্যাকেট বিলি করবে ভবঘুরে আর ভিক্ষুকদের মধ্যে। এ ছাড়া দিল্লির ২৫০০ দিনমজুর পরিবারগুলিতে প্রতি সপ্তাহে অন্তত ১ মাস বিনা মূল্যে রেশন বিলি করার দায়িত্ব নিয়েছেন শাহরুখ৷ এবার নিজের অফিসও দিয়ে দিলেন তিনি।
