বাগেরহাটে করোনা আক্রান্ত সন্দেহে পুলিশ সদস্যসহ ২জন আইসোলেশেনে

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১১:৩১ এএম

বাগেরহাটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পুলিশ সদস্যসহ দুইজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছে স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে রবিবার সন্ধ্যায় ৪২ বছর বয়সী এক নারীকে সদর হাসপাতালের আইসোলেশনে এবং সকালে ৩০ বছর বয়সী এক পুলিশ সদস্যকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নির্ণয় কেন্দ্রে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার পুলিশ লাইনের ২২ বছর বয়সী এক পুলিশ সদস্যকে আইসোলেশনে ভর্তি করে স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, জ্বর ও কাশি উপসর্গ নিয়ে ৪২ বছর বয়সী এক নারীকে সদর হাসপাতালের আইসোলেশনে এবং সকালে ৩০ বছর বয়সী এক পুলিশ সদস্যকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, বাগেরহাটে এই নিয়ে তিনজন করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশনে ভর্তি আছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই তিনজনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আমরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠিয়েছি। পরীক্ষার প্রতিবেদন এখনো আমরা হাতে পাইনি।

প্রসঙ্গত, এর আগে বাগেরহাট সদর ও শরণখোলায় করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে পাঁচজনকে আইসোলেশনে নেওয়া হয়। এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ভর্তি হওয়া ওই পাঁচজনের কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান সিভিল সার্জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত