জ্বর-সর্দিসহ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সোনারগাঁয়ের কাঁচপুরে জিল্লুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার তার মৃত্যু হয়।
বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে।
জিল্লুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি ১৫ বছর ধরে কাঁচপুর সেনপাড়া এলাকার সোহেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধ জ্বর-সর্দি নিয়েই কাচঁপুর ইউনিয়নের সেনপাড়া মসজিদে নামাজ আদায় করতেন। এলাকার অনেকে তাকে ওই অবস্থায় মসজিদে আসতে নিষেধও করেছিলেন। এরই মধ্যে আজ তার মৃত্যু হয়। মৃত্যুর পর লাশ দাফনের জন্য পরিবারের লোকজন বিভিন্ন জনের কাছে ফোন করলেও করোনার ভয়ে কেউ সামনে আসছে না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, জ্বর ও শ্বসকষ্টের কারণে মারা গেছেন শুনে বৃদ্ধের বাড়িতে লোক পাঠিয়েছিলাম। পরিবারের সাথে কথা বলে জানা গেছে তিনি বহুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত কয়েকদিন আগে ফ্রিজের ঠান্ডা পানি পান করার পর জ্বরে আক্রান্ত হন। সেই জ্বর নিয়েই তিনি সকালে তিনি মারা যান।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, যে লোকটি মারা গেছেন তিনি ১৫ বছর ধরে শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন। বিশেষ করে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে তার পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে।
মৃত ব্যক্তির করোনার কোন লক্ষণ নাই সেজন্য তাকে স্বাভাবিক নিয়মের কবর দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
