‘লন্ডনিকন্যা’ সেজে একাধিক বিয়ে করার অভিযোগে ৩ বোন গ্রেপ্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৮:৩২ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় লন্ডনিকন্যা সেজে একাধিক বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো শিউলি বেগম, দিলসানা বেগম ও ইয়াছমিন বেগম। এরা সিলেটের বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে এরা। রবিবার বিকেলে এই তিন ভুয়া লন্ডনি কন্যাকে আটক করার পর আদালতে পাঠালে তাদের জেল হাজতে পাঠান বিচারক।

পুলিশ ও অভিযোগকারীরা জানান, প্রতারণার মাধ্যমে শিউলি, দিলসানা ও ইয়াছমিন বেগম সিলেটে বাড়ি ভাড়া নিয়ে লন্ডনিকন্যা সেজে বিয়ের ব্যবসা শুরু করে। তাদের আত্মীয় সিলেটের ওসমানীনগর থানার করমসি গ্রামের রহিম উল্লাহ্‌ বিয়ের মধ্যস্থতা করত এদের। জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের আশরাফুল লন্ডনিকন্যা হিসাবে শিউলি বেগমকে বিয়ে করেন । ৫ লাখ টাকার নগদ কাবিন, ৭ ভরি স্বর্ণালংকার দিয়ে অনাড়ম্বর আয়োজনে গত ১০ ফেব্রুয়ারি শিউলিকে বিয়ে করে গ্রামের বাড়ি নিয়ে আসেন আশরাফুল। কয়েক দিন যেতে না যেতেই আশরাফুলের পরিবারের অন্যদের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায় শিউলি।

সম্প্রতি শিউলি আশরাফুলকে মুঠোফোনে জানায়, সে লন্ডনে চলে যাচ্ছে, তাদের সম্পর্ক এখানেই শেষ। এর কয়েক দিন পর আশরাফুল বুঝতে পারেন যে এরা প্রতারক। এর মধ্যে খবর পাওয়া যায় জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কামরুল ইসলামকেও প্রতারণার মাধ্যমে বিয়ে করেছে শিউলি।

এসব ঘটনা জেনে আশরাফুল জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার বিকেলে পুলিশ এই তিন কন্যাকে কামরুল ইসলামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এই তিন বোন দীর্ঘদিন ধরে লন্ডনি মেয়ে সেজে বিয়ের মাধ্যমে প্রতারণা করে আসছে। এদের বিরুদ্ধে প্রতারণার মামলার পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। এদের আদালতে পাঠানোর পর তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত