কিশোরগঞ্জ জেলা শহরে ঘুড়ি উড়াতে গিয়ে চারতলা ছাদ থেকে নিচে পড়ে আরাফাত ইসলাম মাহিন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের নগুয়া প্রথম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহিন সাবেক মেরিন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের ছেলে। তাদের বাড়ি নরসিংদী জেলার ভেলাবর উপজেলায়। মাহিন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, মাহিনদের পরিবার নগুয়া প্রথম মোড় এলাকায় একটি চারতলা ভবনের তিনতলায় ভাড়া থাকেন। বিকেলে ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়।
এলাকার লোকজন দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ও তার সহপাঠীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
