চট্টগ্রামের সড়কে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোশাককর্মী ও রিকশাচালক

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৫:৩১ পিএম

বন্দরনগরী চট্টগ্রামে সকালে এক পোশাক কারখানার কর্মকর্তা এবং এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, দুজনেরই হৃদরোগে মৃত্যু হয়েছে।

সোমবার সকালে নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় পোশাককর্মী এবং চকবাজার থানার অলিখাঁ মসজিদের মোড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

পোশাককর্মী মৃত মো. সেলিম উদ্দিন (৩০) নগরীর বায়েজিদ এলাকার জিরাত শার্ট লিমিটেড নামে এক পোশাক কারখানার কর্মকর্তা জানিয়েছেন পুলিশ। 

খুলশী থানার এসআই দেলোয়ার হোসেন জানান, সকাল ৮টার দিকে সেলিম বাসা থেকে বের হয়ে টাইগারপাস মোড়ে একটি সিএনজি স্টেশনের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, সেখানে তার কয়েকজন সহকর্মীও ছিলেন। হঠাৎ তিনি সেখানে ঢলে পড়েন। কিন্তু করোনা আক্রান্ত ভেবে কেউ কাছে যায়নি। 

তিনি আরো বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি ওই ব্যক্তির পরিবারের লোকজন অ্যামবুলেন্স নিয়ে আসে। এরপর বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় স্ট্রোক করে মারা গেছেন সেলিম।  

এদিক নগরীর চকবাজার এলাকায় প্রায় একই সময়ে এক রিকশাচালক সড়কে ঢলে পড়ে মারা গেছেন। 

মৃত রিকশাচালক প্রফুল্ল দাশ (৫০) নগরীর ষোলশহরে ভাড়া বাসায় থাকলেও তার বাড়ি রাউজানে বেলে জানায় পুলিশ।
চকবাজার থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন জানান, অলিখাঁ মসজিদের সামনে এক রিকশাচালক সড়কে ঢলে পড়েন। কিন্তু করোনা আক্রান্ত রোগী ভেবে তার কাছেও কেউ যায়নি। পুলিশ গিয়ে ওই রিকশাচালককে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রিকশাচালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে উল্লেখ করা হয় মৃত্যু সনদে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত