মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি আহমেদ (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেডিনোভা হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। তিনি গাংনী উপজেলার মোহাব্বতপুর গ্রামের ময়নাল ব্যপারির ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
রনির বন্ধু আহত হোসেন খন্দকার (২১) জানান, রনি আহমেদ ও তিনি সকাল ১০টার সময় মহাব্বতপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বামুন্দী বাজারের দিকে যাচ্ছিলেন। বামুন্দী মোড় গার্লস স্কুলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে ৩ জন বহনকারী অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে তিনি ছিটকে পড়ে আহত হন। গুরুতর আহত হলে রনিকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে ঢাকা মেডিনোভা হাসপাতালে নেওয়ার পথে আজ দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, ঘাতক মোটরসাইকেলের চালকের সন্ধান করা হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
