করোনাভাইরাসের প্রভাবে সবথেকে বেশি বিপাকে রয়েছে বেওয়ারিশ প্রাণিকূল। সেইসব ক্ষুধার্ত প্রাণীদের খাবার খাওয়াচ্ছেন চুয়াডাঙ্গার কয়েকজন যুবক।
কেয়ার ফর আনক্লেইমড বিস্ট (কাব) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসব পশু-প্রাণীদের খাবার সরবরাহ করছে।
প্রতিদিন রাতে শহরের বিভিন্ন এলাকায় শুকনা ও রান্না করা খাবার এসব পশুদের সামনে দেওয়া হচ্ছে।
বুধবার রাতে শহরের রেলবাজার, টার্মিনাল এলাকা, একাডেমী মোড় ও হাসান চত্বর এলাকায় একশটি খিচুড়ির প্যাকেট বেওয়ারিশ কুকুরদের খাওয়ানো হয়। একটি মোটরসাইকেলযোগে ঘুরে ঘুরে ক্ষুধার্ত কুকুরদের সামনে খাবারের প্যাকেট সরবরাহ করেন সংগঠনের যুবকরা।
কাবের সভাপতি বখতিয়ার হামিদ বিপুল জানান, দেশের এই ক্রান্তিকালে সবথেকে বেশি বিপাকে রয়েছে রাস্তার বেওয়ারিশ পশু-প্রাণীরা। খাবার সংকটে ভুগছে তারা। এছাড়া এসব প্রাণিরা অধিকাংশই হোটেল নির্ভর। হোটেলে অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে তারা।
এখন হোটেল বন্ধ থাকায় খাবারও বন্ধ হয়ে গেছে তাদের। এইসময়ে তাদের পাশে থাকার জন্য প্রতিদিন এসব পশুদের খাবার সরবরাহ করা হচ্ছে। তাদের পছন্দসই একেকদিন ভিন্ন ভিন্ন রকমের খাবার পরিবেশন করা হচ্ছে।
সংকটকালে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
