কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ইব্রাহিম হোসেন তানভীরসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
অপর গ্রেপ্তারকৃতরা হল- উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র বন্ধন, ছাত্রী পূর্ণতা, মিম, রিফাত, ঢাকা কলেজের ছাত্র তুষার ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সুমন। এদের মধ্যে বন্ধন ও পূর্ণতার বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়। বাকিরা সবাই উল্লাপাড়ার বাসিন্দা। এরা সবাই তানভীরের বন্ধু। ধর্ষক তানভীর উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার কামরুজ্জামান স্বপনের ছেলে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার এসআই মোশারফ হোসেন আকন্দ দেশ রূপান্তরকে বলেন, দুই মাস আগে তানভীরের সাথে রাজশাহী সিটি কলেজের ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে তানভীর তার বাড়িতে ডেকে এনে কয়েকদফা ধর্ষণ করে। এই ধর্ষণের ভিডিও ধারণ করে তার অভিযুক্ত বন্ধুরা। সম্প্রতি ওই ভিডিও মোবাইলে ছড়িয়ে পড়ে।
বিষয়টি টের পেয়ে শুক্রবার ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে তানভীর ও তার ৬ বন্ধুর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ফলে ওই ৭ শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠায়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দোষ স্বীকার করেছে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
