লালমনিরহাটে এবার সাত বছর বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়। জেলায় এ নিয়ে করোনায় এখন পর্যন্ত দুজন আক্রান্ত হয়েছে।
লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ জানায়, শিশুটির বাবাও করোনায় আক্রান্ত হয়ে গত ১১ তারিখ থেকে লালমনিরহাট নার্সিং ইনস্টিটিটিউটের আইসোলেশনে চিকিৎসাধীন।
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের ওই ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছেন।
গত ১১ এপ্রিল তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে ওই দিন রাতেই তাকে বাড়ি থেকে আইসোলেশনে নিয়ে আসা হয়।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মুলেন্দু রায় জানান, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর তার পরিবারের চারজনসহ ওই এলাকার মোট ১১ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে মঙ্গলবার আসা রিপোর্টে তাদের ১০ জনের শরীরে করোনা শনাক্ত না হলেও পূর্বে আক্রান্ত ওই ব্যক্তির সাত বছর বয়সী ছেলে করোনায় আক্রান্ত।
তিনি আরও জানান, রাতেই শিশুটিকে তার বাড়ি থেকে নিয়ে এসে নার্সিং ইনস্টিটিটিউটের আইসোলেশনে রাখা হয়েছে।
