নোয়াখালীতে মৃত ইতালিপ্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীরও করোনা শনাক্ত

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১২:১৯ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালিপ্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরেও করোনার সংক্রমণ পাওয়া গেছে।

বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মইনুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার সংক্রমণ পাওয়া ওই নারীকে (২৭) আপাতত সোনাইমুড়ী অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে তাকে জেলা সদরে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে স্থানান্তর করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ওই প্রবাসীর পরিবারের মোট ১৫ জন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সাতজনের ফলাফল মঙ্গলবার রাত ১০টার দিকে তারা পেয়েছেন। যার মধ্যে প্রবাসীর স্ত্রী ছাড়া বাকিদের শরীরে করোনা শনাক্ত হয়নি।

করোনার সংক্রমণ পাওয়া প্রবাসীর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। তাই তাকে হাসপাতালে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

৭ এপ্রিল জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইতালিপ্রবাসী। অবস্থার অবনতি দেখে ৮ এপ্রিল সকালে ওই প্রবাসীকে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। পরে তার মরদেহের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত