ভারতে করোনাজনিত লকডাউন বাড়ার পরপরই মুম্বাইয়ের বান্দ্রায় অভিবাসী শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একে ‘টাইম বম্ব’ হিসেবে ব্যখ্যা করলেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘ব্যালকনি সরকার’-এর এবার মাটিতে নজর দেওয়া উচিত।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেন ৩ মে পর্যন্ত। মেয়াদ বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বাইয়ের বান্দ্রায় জড়ো হন কয়েকশো শ্রমিক।
লকডাউন উঠতে পারে আশা করে দুপুরের দিকে বান্দ্রায় স্টেশনের বাইরে বাস ডিপোয় জড়ো হয়েছিলেন তারা। ভেবেছিলেন ট্রেন বা বাস চলবে। তা না হওয়াতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।
শ্রমিকদের একটাই দাবি- বাড়ি ফেরার ব্যবস্থা করুক সরকার, না হলে তাদের খাবারের ব্যবস্থা করা হোক। লকডাউন ভেঙে এই জমায়েত নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হন।
এই ইস্যু নিয়ে সরব হলেন কমল হাসান। এর আগে তিনি কেন্দ্রীয় সরকারকে ‘ব্যালকনি সরকার’ বলে কটাক্ষ করেছিলেন। সেই কথা তুলে তিনি টুইটারে জানান, ব্যালকনি থেকে মানুষ মাটিতে দূর পর্যন্ত নজর রাখতে পারে। প্রথমে দিল্লি, তারপর মুম্বাই। ‘ব্যালকনি সরকার’-এর এ বিষয়ে নজর দেওয়া উচিত। না হলে অভিবাসী শ্রমিকদের সংকট করোনার থেকেও ভয়াবহ আকার ধারণ করবে।
